বৃক্ষ

চালমুগরা

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২০:০২

চিরসবুজ মাঝারি আকৃতির বৃক্ষ। ২০ মিটার পর্যন্ত লম্বা হয়। বৈজ্ঞানিক নাম Gynocardia odorata, এটি Flacourtiaceae পরিবারের উদ্ভিদ। চাকমা সম্প্রদায়ের কাছে ‘ভুলু’, মারমা সম্প্রদায়ের কাছে ‘গ্রাংবাং’ বা ‘বলগাছ’ নামে পরিচিত। গাছের বাকল ধূসর, কাঠ খুব শক্ত, ভিতরে সাদা হলেও বাইরের রং হলুদ। পাতা লম্বা, বর্শাফলকাকৃতির। স্ত্রী ও পুরুষ ফুল আলাদা গাছে হয়। ফুল হালকা হলুদ রঙের। মার্চ-এপ্রিল মাসে শক্ত, গোলাকার কতবেলের মতো ফল হয়। অক্টোবর-নভেম্বর মাসে ফল পাকে। পাকা ফল হলদে রঙের হয়। ফলের গন্ধ মনমাতানো। ফলের মধ্যে অনেক বীজ থাকে। বীজ থেকে তেল সংগ্রহ করা হয়।  

এ বৃক্ষের আদি নিবাস বাংলাদেশ, ভারত ও মিয়ানমার। বাংলাদেশের পাহাড়ি বনাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের বনে এই বৃক্ষ দেখা যায়। বংশবৃদ্ধি হয় বীজের মাধ্যমে।

এর ভেষজগুণ রয়েছে। রক্তার্শ সারাতে, খোসপাঁচড়ার চিকিত্সায়, কুষ্ঠরোগে, মাথায় খুসকিতে চালমুগরার তেল  ব্যবহূত হয়।   

চয়ন বিকাশ ভদ্র