পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে নদীতে গোসল করতে গিয়ে ডুবে রাহুল বণিক (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার তুলারডাংগা এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। সে জেলা শহরের বানিয়াপাড়া এলাকার অরুণ বণিকের ছেলে এবং মেবিক স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানান, রাহুল প্রাইভেট থেকে বাসায় ফিরে বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে যায়। নদী খনন করে বালু ও পাথর উত্তোলন করায় ঐ স্থানটি গভীর গর্তের সৃষ্টি হয়। সাঁতার না জানায় ঐ গভীর পানিতে গিয়ে হাবুডুবু খেতে থাকে সে। এ সময় তার বন্ধুদের চিত্কারে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
