সাতক্ষীরা প্রতিনিধি
করোনায় অক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে এক নারী ও এক বৃদ্ধসহ দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১২টা ও সোয়া ১টার দিকে মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যান। মৃত ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার খুরশা গ্রামের মো. কামাল হোসেনের স্ত্রী লিপি (৩৫) ও সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত মোহাম্মাদ আলীর ছেলে মোশারফ হোসেন (৮৬)। মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ১২ এপ্রিল লিপি সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষা করে তার করোনা পজেটিভ ধরা পড়ে। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মোশারফ হোসেন ৮ এপ্রিল আইসিইউতে ভর্তি হন। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত দুই ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
