সৈয়দপুরের ১৪ জন ধানকাটা শ্রমিক গেল নাটোরে
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুর থেকে নাটোরে ধান কাটতে গেল ১৪ জন কৃষিশ্রমিক। রবিবার দুপুরে উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে থেকে সরকারি ব্যবস্থাপনায় তাদের পাঠানো হয়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, প্রথম ধাপে সৈয়দপুর থেকে ১৪ জন কৃষিশ্রমিক পাঠানো হলো নাটোরে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ প্রমুখ।
সুজানগর (পাবনা) সংবাদদাতা জানান, লকডাউন চলাকালে দেশের বিভিন্ন জেলায় বোরো ধান কাটতে যাওয়ার প্রত্যয়নপত্র পেয়েছেন সুজানগরের পাঁচ শতাধিক কৃষিশ্রমিক। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদের ঐ প্রত্যয়নপত্র দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার জানান, গত সপ্তাহে বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক কৃষিশ্রমিক চলতি লকডাউনের মধ্যে বিভিন্ন জেলায় ধান কাটতে যাওয়ার জন্য অনুমতি চায়। যাচাই-বাছাই শেষে তাদের ধান কাটতে যাওয়ার প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহ থেকে রবিবার ধান কাটা শ্রমিক ও কম্বাইন্ড হারভেস্টর মেশিন সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে পাঠানো হয়েছে। এ জেলা থেকে ইতিমধ্যে ৪০ জন শ্রমিককে পাঠানো হয়েছে। সেই সঙ্গে চারটি কম্বাইন্ড হারভেস্টর মেশিনও পাঠানো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঝিনাইদহের উপপরিচালক মো. আজগর আলি জানান, রবিবার তাদের পাঠানো হয়েছে। আর হারভেস্টর মেশিনগুলো ট্রাকযোগে পাঠানো হয়েছে। এসব মেশিনে শ্রমিকের চেয়ে কম খরচে ধান কাটা ও মাড়াই করা যায়।
কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা উপজেলার তিন শতাধিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাইস্কুলে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. আবু জাহির। এতে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
সিআইজি সদস্যদের মধ্যে খড় কাটা মেশিন বিতরণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় ২০ জন সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) সদস্যের মধ্যে খড় কাটা মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২-এর আওতায় এসব বিতরণ করা হয়। এদিন উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে খলিলনগর ইউনিয়নের মহান্দী গাভী পালনকারী সিআইজি সদস্যদের মধ্যে এসব মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাস, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুফল চন্দ্র মণ্ডল প্রমুখ।
চাটমোহরে ভুট্টার ভালো ফলনের সম্ভাবনা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা কম খরচে অধিক লাভবান হওয়ায় চাটমোহরে কৃষকরা দিনদিন ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ভুট্টার ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার হান্ডিয়ালের কৃষক আ. কাদের বলেন, আশা করছি এ বছর ফসলের ভালো ফলন হবে। বাজারে ভুট্টার দামও ভালো। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ জানান, চলতি বছরে উপজেলায় ৫১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।
ছাত্রলীগের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ
নওগাঁ প্রতিনিধি জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের ডেফোডিল স্কুল চত্বরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলসহ জেলা ছাত্রলীগের সদর, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযানের উদ্বোধন
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আনোয়ার হোসেন হেলাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু প্রমুখ।
০
