ঢাকার বিভিন্ন হাসপাতালে করোনা শনাক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এত ভিড় হচ্ছে যে, নমুনা প্রদানকারীদের ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। নমুনা দিতে গিয়ে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছেন। রাস্তায় ৪/৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার দৃশ্য হতাশাজনক। অথচ স্বচ্ছন্দে রোগীদের নমুনা সংগ্রহ করা যেতে পারে। হাসপাতালেই নমুনা সংগ্রহ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নগরীর কমিউনিটি সেন্টারগুলি এখন খালি পড়ে আছে। এখানে রোগীদের পর্যাপ্ত বসার জায়গা আছে। প্রতিটি ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারকে কোভিড-১৯ নমুনা সংগ্রহ কেন্দ্রে রূপান্তর করা যেতে পারে। বেশি বেশি করোনা আক্রান্ত শনাক্তের মাধ্যমে করোনার বিস্তার নিয়ন্ত্রণ সম্ভব। তাই রোগী শনাক্তের ওপর জোর দেওয়া প্রয়োজন।
মো. আলী হায়দার
ঢাকা
