পাকিস্তানে টিএলপির সঙ্গে সমঝোতা জিম্মি ১১ পুলিশ মুক্ত

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:১১

রয়টার্স

লাহোরে কট্টরপন্থি ইসলামিক দল ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের’ (টিএলপি) হাতে জিম্মি ১১ পুলিশ সদস্য আলোচনার পর মুক্তি পেয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ সোমবার এ কথা জানিয়েছেন। টুইটারে এক ভিডিওতে তিনি বলেন, ‘প্রথম দফা আলোচনা সফলভাবে শেষ হয়েছে। তারা জিম্মি ১১ পুলিশ সদস্যকে ছেড়ে দিয়েছে।’ সোমবার দ্বিতীয় দফা আলোচনা হবে বলে জানান তিনি।

রবিবার বিকালে লাহোরে বিক্ষোভ সংঘর্ষ চলাকালে টিএলপি সদস্যরা ঐ ১১ পুলিশকে জিম্মি করেছিল। সংঘর্ষে তিন টিএলপি সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দলটি। স্যোশাল মিডিয়া ফুটেজে এর আগে জিম্মি পুলিশ সদস্যদের রক্তাক্ত, কালশিরা পড়া এবং মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে। ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ (টিএলপি) কয়েক মাস ধরে ফ্রান্সবিরোধী প্রচার চালিয়ে আসছে। দলটি পাকিস্তান সরকারকে ফরাসি রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কারের জন্য আগামী ২০ এপ্রিল পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে।

ফ্রান্সে হজরত মোহাম্মদ (স.) এর কার্টুন প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে টিএলপি গত সপ্তাহে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল করেছে। এর জেরে পাকিস্তান সরকার টিএলপিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং দলের প্রধানকে গ্রেফতারও করা হয়। নেতার মুক্তির দাবিতেও টিএলপি সমর্থকরা বিক্ষোভ করে আসছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত চার জন নিহত, শতাধিক জন আহত এবং হাজারের বেশি মানুষ গ্রেফতার হয়েছে।