মুক্তিযোদ্ধা পরিবারকে সমাজচ্যুত আবেদন নিষ্পত্তি করতে ডিসিকে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:২৩

ইত্তেফাক রিপোর্ট

হবিগঞ্জ সদর উপজেলার তেগুরিয়া ইউনিয়নের রামপুরা গ্রামের মুক্তিযোদ্ধা সুরুজ আলীর পরিবারকে সমাজচ্যুত করার ঘটনার প্রতিকার চেয়ে করা আবেদন নিষ্পত্তি করতে জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।

মুক্তিযোদ্ধা মো. সুরুজ আলী হাইকোর্টে এ রিট করেন। আদালতে রিটের পক্ষে অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর শুনানি করেন। গৌরাঙ্গ চন্দ্র কর জানান, মারামারির ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ মার্চ রামপুরা গ্রামের সমাজপতিরা সালিশ শেষে মুক্তিযোদ্ধা সুরুজ আলীকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত দেয়। সামাজিক সব কর্মকাণ্ডে তাকে নিষিদ্ধ করা হয়। এছাড়া সুরুজ আলীর পরিবারের কাছে মালামাল বিক্রি না করতেও স্থানীয় দোকানদারকেও বলা হয়। এছাড়া সুরুজ আলী ও তার পরিবারকে যে বা যারা সহযোগিতা করবে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হবে বলে সালিশে ঘোষণা দেওয়া হয়।

ঐ ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করেন সুরুজ আলী। কিন্তু আবেদনে সাড়া না পেয়ে গত ১১ এপ্রিল তিনি হাইকোর্টে রিট করেন। এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আবেদনটি নিষ্পত্তির পাশাপাশি রুল জারি করে।