‘রিং’ বসানোর পর সুস্থ মুরালি

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:২৭

কয়েক দিন আগেই ৪৯তম জন্মদিন পালন করেছেন মুত্তিয়া মুরালিধরন। জন্মদিনের ভালোবাসার জোয়ার শেষ না হতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে লঙ্কান স্পিন কিংবদন্তিকে। গত রোববার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হওয়ার পর মুরালির হূদযন্ত্রে ‘রিং’ বসানো হয়। রিং বসানোর পর এখন সুস্থ আছেন তিনি। শ্রীলঙ্কায় থাকতেই গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মুরালির হূদযন্ত্রে ব্লক ধরা পড়ে। এর মাঝেই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কাজ করতে ভারতে চলে আসেন মুরালি। কিন্তু রোববার অস্বস্তি অনুভব করায় ভর্তি হন মুরালি। চিকিত্সকরা দ্রুত অ্যানজিওপ্লাস্ট করার পরামর্শ দেন। পরে ধমনিতে ব্লক সরানোর জন্য মুরালির হূদযন্ত্রে ‘রিং’ বসানো হয়। সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী শানমুগানাথান এ সম্পর্কে বলেন, ‘হূদযন্ত্রের সমস্যা নিয়ে শ্রীলঙ্কার চিকিত্সকদের সঙ্গে পরামর্শ করে ভারতে আসেন মুরালিধরন। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের চিকিত্সকরা যত দ্রুত সম্ভব অ্যানজিওপ্লাস্ট করার পরামর্শ দেন মুরালিকে। ‘রিং’ বসানোর পর সুস্থ আছেন মুরালি। আশা করছি, কিছুদিনের মধ্যেই তাকে আবার মাঠে দেখা যাবে।’ তবে আবারও দলের সঙ্গে যোগ দেওয়ার আগে মুরালিকে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।