গাজীপুর প্রতিনিধি
কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি বিশ্ববিদ্যালয়সমূহের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির অনলাইন সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২ মে ও শেষ হবে ১০ জুন। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তির ফল প্রকাশ হবে আগামী ৫ আগস্ট । ভর্তির আবেদনের তারিখসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে (www.bsmrau.edu.bd) পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। অনলাইনের এ সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুত্ফুল হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত যুক্ত ছিলেন।
এছাড়া আরো যুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুুর রহমান, বশেমুরকৃবির রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইটি বিশেষজ্ঞ, প্রফেসর ড. মো. আলী আশরাফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রফেসর মো. মুস্তাগিজ বিল্লাহ, শেরোবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর এ এম এম শামসুজ্জামান এবং বশেমুরকৃবির আইটি বিশেষজ্ঞ মুহাম্মদ আকরাম হোসেন প্রমুখ।
