কারাবন্দি বিতর্কিত ঠিকাদার জি কে শামীম করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। তিনি আক্রান্ত হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি ওয়ার্ড ও কারা হাসপাতালের অপর একটি ওয়ার্ড লকডাউন করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।
তিনি বলেন, কয়েক দিন আগে কারাগারে থাকা জি কে শামীম অসুস্থ হয়ে পড়েন। পরে গত ১৪ এপ্রিল তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে সেদিনই তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে চিকিত্সকরা তার করোনা পরীক্ষা করলে ফল পজিটিভ আসে। জি কে শামীমের করোনা পজিটিভ আসার কারণে কারাগারের ভেতরে যে ওয়ার্ডে তিনি ছিলেন, সেই ওয়ার্ড লকডাউন করা হয়েছে। এছাড়া কারা হাসপাতালের ওয়ার্ডও লকডাউন করা হয়।
উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বিদেশি মদ ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ জি কে শামীমকে তার রাজধানীর নিকেতনের বাসা থেকে গ্রেফতার করে র্যাব। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
