যুক্তরাজ্যে ভ্রমণ নিষিদ্ধের লাল তালিকায় এবার ভারতকে যুক্ত করা হচ্ছে। করোনার একটি ধরন ১০৩ জনের দেহে ভারতে প্রথম শনাক্ত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হবে। সোমবার (১৯ এপ্রিল) ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ ঘোষণা দেন। আগামী শুক্রবার (২৩ এপ্রিল) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ব্রিটিশ পার্লামেন্টে হ্যানকক বলেন, আমরা ভারতকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করার কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এর অর্থ, যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডের বাসিন্দা অথবা যুক্তরাজ্যের নাগরিক নন এমন ব্যক্তি যিনি গত ১০ দিন ধরে ভারতে অবস্থান করছেন তিনি যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।
তিনি আরো বলেন, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বাসিন্দা বা যুক্তরাজ্যের নাগরিক যারা গত ১০ দিন ধরে ভারতে অবস্থান করছেন তাদের যুক্তরাজ্য প্রবেশের পর ১০ দিন হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম পালন করতে হবে। এর আগে গত ১৩ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানকে ভ্রমণের লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য। সূত্র: রয়টার্স
