কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়েছে চার করোনা রোগী

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৩:৩৮

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার থেকে চারজন করোনা রোগী পালিয়েছেন। ভারত থেকে আসা এখানে ১২ জন করোনা রোগী অবস্থান করছিলেন। সেখান থেকে রবিবার রাতে চার জন পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া রোগীদের বাড়ি পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায়। রবিবার বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ১২ জন বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফেরেন।

 

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আগমনকারী দেশি-বিদেশি নাগরিকদের নিজ খরচে এখানে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেয় জেলা করোনা প্রতিরোধ কমিটি। এজন্য একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। প্রাথমিকভাবে ১০টি কক্ষে ৫০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, পালিয়ে যাওয়া ঐ চারজনের ঠিকানায় খোঁজ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসএ