অ আ ক খ
অনন্ত অন্তরীক্ষের অগ্নি স্লোগান তুমি শেখ মজিবর
জয় বাংলার বর্ণমালায় সেজে ওঠে আমাদের অম্বর ।।
*******
৭ মার্চ
সেই বসন্ত রক্তমাখা নীরব ছিল কুহু ডাক
তর্জনিতে বজ্র এঁকে গর্জেছিল সিংহ নাদ ।।
*******
অধিনায়ক
স্বাধীনতা মানে সাত কোটি বাঙালির একতার গান
যতদিন বাঁচবে মনে রেখো সুরকার মুজিবের নাম।।
*******
নিশান
এক দুর্বোধ্য সময়ের স্বপ্নসারথি তুমি থ্রি-নট-থ্রি
আমি রক্ত গাঙে ভেজা সবুজ বনে চুল খুলে উড়ি।।
*******
পুরুষোত্তম
চেক লুঙ্গি, সফেদ পাঞ্জাবি— আর ব্যাকব্রাশ করা কেশ
কালো পাইপ থেকে সাদা মেঘে ওড়ে এরিনমোরের রেশ।।
*******

- আলীম হায়দার (জন্ম: ২৩ মার্চ, ১৯৮৮)
ইত্তেফাক/জেএইচ
