বিভিন্ন স্থানে ইরি-বোরো ধান কাটা শুরু

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:২৪

ইত্তেফাক ডেস্ক

ইরি-বোরো ফসলের মাঠে এখন খেলা করছে পাকা ধানের সোনালি হাসি। বৈশাখের উজ্জ্বল রোদে সেই হাসি যেন আরো ঝলমল করছে। আর বিভিন্ন স্থানে শুরু হয়েছে ধান কাটার উত্সব। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

নওগাঁ :নওগাঁয় চলতি মৌসুমে ইরি-বোরো ধান অল্প পরিসরে কাটা ও মাড়াই শুরু হয়েছে। আত্রাই, রাণীনগর, মান্দা ও সদর উপজেলার বিভিন্ন মাঠে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটা ও মাড়াইয়ের কাজে। এদিকে রাণীনগরে ইরি-বোরো ধান কাটা ও মাড়াইয়ের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল ওয়াদুদ জানান, জেলার পুরো ধান কাটা ও মাড়াই করতে মোট ৪ লাখ ২৫ হাজার ৪০ জন শ্রমিক প্রয়োজন। নওগাঁয় স্থানীয়ভাবে শ্রমিক রয়েছেন তিন লাখ ৪৬ হাজার ১৮৫ জন। ঘাটতি ৭৮ হাজার ৮৫৫ জন শ্রমিক অন্য জেলা থেকে নিয়ে আসতে হবে। তিনি আরো জানান, ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে উপজেলা কৃষি কর্মকর্তারা তাদের নিজ নিজ উপজেলায় শ্রমিকের চাহিদাপত্র পাঠিয়েছেন। ইতিমধ্যে চাহিদা অনুযায়ী শ্রমিক দেশের অন্যান্য জেলা থেকে আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিকের সংকট হবে না বলে জানান তিনি।

নিকলী (কিশোরগঞ্জ) :বৈশাখ এলেই নিকলী উপজেলার হাওরাঞ্চলের চিরচেনা ঠা ঠা রোদ মাথায় নিয়ে খেতে কৃষকের ধান কাটার দৃশ্য দেখা যায়। আর ঐ ধান মাথায় কিংবা কাঁধে করে নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে চলছে মাড়াই। হাওরে এ এক অন্যরকম উত্সব চলে বৈশাখ জুড়ে। উপজেলার সিংপুর গ্রামের আলতু মিয়া বলেন, ‘এবার ধান ভালো হয়েছে। আবহাওয়াও ভালো ছিল। আর একটা মাস পাইলেই হয়।’ নিকলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ৩৮ হাজার ৮৬৩ একর জমিতে বোরো ফসল আবাদের সরকারি লক্ষ্যমাত্রা ছিল। চাষাবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার একরের বেশি জমিতে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সময়মতো বৃষ্টি না হলেও অনুকূল আবহাওয়ার কারণে উত্পাদন ভালো হয়েছে। বলতে পারি, উত্পাদন সরকারি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। গত সোমবার পর্যন্ত উপজেলার প্রায় ৩৫ শতাংশ ধান কাটা হয়েছে।

সুনামগঞ্জ :সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের পাগনা হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পাগনা হাওরে জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান কাটার উত্সব শুরু হয়। উত্সবের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি। সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি বলেন, হাওরে শ্রমিকের সংকট নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী উত্তরবঙ্গসহ দেশের অন্যান্য জায়গা থেকে শ্রমিক আনা হয়েছে। প্রয়োজনে আরো আনা হবে।