বরিশাল অফিস
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এতে বরিশালে মোট শনাক্ত হলো ১৩ হাজার ৬৩২ জন ও করোনায় মারা গেলেন ২৪৪ জন। মঙ্গলবার সকাল ১০টায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে এই তথ্য পাওয়া গেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন আক্রান্ত ১২৯ জন রোগীর মধ্যে বরিশাল জেলায় রয়েছেন ৪৯ জন। এছাড়া পটুয়াখালীতে ১৯ জন, ভোলায় ২৯, পিরোজপুরে ১২, বরগুনায় আট ও ঝালকাঠিতে ১২ জন রয়েছেন।
শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক জন এবং উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। করোনা ওয়ার্ডে বর্তমানে চিকিত্সাধীন রয়েছেন ১০৩ জন। এদের মধ্যে ৩৮ জন করোনায় আক্রান্ত। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে পটুয়াখালীতে এক জনের মৃত্যু হয়েছে।
