ইইউর নিষেধাজ্ঞায় এবার মিয়ানমারের জেনারেলরা

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:২৮

সহিংসতা রোধে গুতেরেসকে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান বান কি মুনের

 রয়টার্স, আলজাজিরা

মিয়ানমারের ক্ষমতা দখলকারী দশ সেনা কর্মকর্তার ওপর সোমবার নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে সামরিক বাহিনীর মালিকানাধীন দুটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে দেশটির সামরিক বাহিনীকে অভ্যুত্থান-পরবর্তী সহিংসতা থেকে বিরত রাখতে তাদের সঙ্গে আলোচনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির সাবেক মহাসচিব বান কি মুন।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমারের শাসন নিজের হাতে নেয় বার্মিজ সেনারা। স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ আটক করা হয় নির্বাচিত সরকারের শীর্ষ কর্মকর্তাদের। এরপর থেকেই দেশ জুড়ে শুরু হয়  বিক্ষোভ। গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। পালটা অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এ কারণে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা বাড়ছে। সোমবার মিয়ানমারের সেনা কর্মকর্তা ও তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলো বলেছে, এরা সবাই মিয়ানমারের গণতন্ত্র এবং আইনের শাসন উপেক্ষার জন্য দায়ী। নিষেধাজ্ঞার মাধ্যমে সম্পত্তি জব্দ ও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  ইইউর বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী ক্ষমতা দখলের পর গঠন করা মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল (এসএসি) দেশটিতে গণতন্ত্র ও আইনের শাসন উপেক্ষা করার জন্য দায়ী। নিষেধাজ্ঞার মধ্যে পড়া দেশটির ৯ সেনা কর্মকর্তাই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের সদস্য। বাকি এক জন হলেন তথ্যমন্ত্রী উ চিন নাইং। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।