ভারতের রাজধানী দিল্লি থেকে হংকংয়ে যাওয়া একটি ফ্লাইটের অন্তত ৪৯ যাত্রীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে। নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় ভারত থেকে সব ফ্লাইটের ওপর জরুরি নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং কর্তৃপক্ষ। হংকংয়ের যেসব যাত্রীর করোনা শনাক্ত হয়েছে, তারা সবাই ভারতীয় বিমান সংস্থা ভিসতারার একটি ফ্লাইটে করে গত ৪ এপ্রিল সেখানে যান। এ ঘটনা সামনে আসার পরই সোমবার থেকে ভারত, পাকিস্তান ও ফিলিপাইন থেকে যাওয়া সব ধরনের ফ্লাইট নিষিদ্ধ করেছে সেখানকার কর্তৃপক্ষ। এই দেশগুলোকে উচ্চ ঝুঁকির দেশ ঘোষণা করেছে তারা। খবর আলজাজিরা ও টাইমস অব ইন্ডিয়ার।
হংকংয়ে পৌঁছানোর পর যাত্রীদের বাধ্যতামূলকভাবে তিন সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হয়। কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে যাওয়ার ৭২ ঘণ্টা আগে সবারই করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতেই এক ফ্লাইটের ৪৯ যাত্রীর করোনা শনাক্ত হয়।
