লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় জোংড়া ইউনিয়নের জোংড়া-ধবলগুড়ি সংযোগ সড়কে ২০১৪ সালে এই সেতু নির্মাণ করা হয়। ২০১৮ সালে এর দুই দিক ভেঙে যায়। আর সংস্কার করা হয়নি। গ্রামের মানুষ নৌকাতেই যাতায়াত করেন। বর্ষার পর দুই দিক বালু দিয়ে ভরাট করেন গ্রামবাসী। ২০১৯ সালের বন্যায় এই নবারদ্দীরবাড়ি সেতু আবারও ভেঙে যায়। বর্ষা মৌসুমে গ্রামের সর্বস্তরের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রবল স্রোতে নৌকাডুবি হয়ে ব্যবসায়ীদের মালামাল তলিয়ে যায়। যার ফলে ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। বন্যার পর বালু দিয়ে নবারদ্দীরবাড়ি সেতুর ফাঁকা জায়গা ভরাট করা হলেও ২০২০ সালের বন্যায় আবার ভেঙে যায়। গ্রামবাসী এই ঘটনার আর পুনরাবৃত্তি দেখতে চান না। তাই বর্ষার আগেই ধবলগুড়িবাসীর যাতায়াতের একমাত্র রাস্তাটির নবারদ্দিরবাড়ি সেতু সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
শাওন হোসেন, ধবলগুড়ি, পাটগ্রাম, লালমনিরহাট
