পুড়ছে পাহাড়!

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:৫১

বিরল প্রজাতির বৃক্ষরাজি আর বন্যপ্রাণীর অবাধ বিচরণে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে পাহাড়ে বারবার আগুন লাগার ফলে প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে। গত বছরের মতো এবারও পাহাড়ে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। আগুনে পুড়ছে মূল্যবান পাহাড়ি গাছ, লতা-গুল্ম। সদ্য গজানো কচি চারাগুলোও রক্ষা পাচ্ছে না। অন্যদিকে বন্য প্রাণী হারাচ্ছে তাদের আবাসস্থল। তারা যেসব স্থানে অবাধে বিচরণ করত, আগুন লাগার ফলে সেসব স্থান তাদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। পাহাড়ে আগুন লাগার কারণে ধ্বংস হচ্ছে বিরল প্রজাতির অনেক বৃক্ষ। বিলুপ্ত হতে যাচ্ছে বন্য প্রাণীর কিছু প্রজাতি। বর্তমানে মায়া হরিণ, বানর, হনুমান, বনমোরগ, পাখি, বন্য শূকর, সজারু, পাহাড়ি কাছিম, সাপ প্রভৃতির সংখ্যাও কমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য পাহাড় পোড়ানো বন্ধ করতে হবে। অন্যথায় অস্তিত্ব সংকটে পড়বে পাহাড়ে থাকা জীবজন্তু ও বন্যপ্রাণী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাহাড় পোড়ানো বন্ধে কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

মো. আশরাফুল ইসলাম

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়