ইত্তেফাক রিপোর্ট
লালবাগের কাশমেরিটোলার একটি বাসায় মাদকাসক্ত এক ব্যক্তি তার মা ও ভাইবোনসহ পরিবারের পাঁচ জনকে অ্যাসিডে ঝলসে দিয়েছে। এ সময় তিনি নিজের শরীরেও অ্যাসিড ঢেলে দেন। গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে কাশমেরিটোলার ১৫/২ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সা দেওয়া হয়েছে। দগ্ধরা হলেন মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন আলী হোসেন (৪৫), তার মা মোমেনা বেগম (৭০), দুই ভাই আনোয়ার হোসেন (৫২) ও ইকাবাল হোসেন (৪৫), বোন জামিলা আক্তার (৩০) এবং ভাগিনা সালেহীন (২০)।
লালবাগ থানার এসআই অমিত চন্দ্র দর্জি জানান, মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত আলী হোসেন একটি ব্যাটারি কারখানায় কাজ করে। মঙ্গলবার ভোরে পরিবারের সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে আলী হোসেন ব্যাটারিতে ব্যবহূত এসিড এনে মাসহ পরিবারের পাঁচ জনের শরীরে ছুড়ে মারে। এরপর নিজের শরীরেও ঢেলে দেয় এসিড।
এসআই আরো জানান, তাদের সকালে চিকিত্সার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। জামিলা, ইকবাল ও সালেহীনের চোখে এসিড লেগেছে। তাদের তিন জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে আগারগাঁও চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর মোমেনা বেগমকে প্রাথমিক চিকিত্সা দিয়েছে। আলী হোসেনকে ভর্তি রাখা হয়েছে।
