নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সদস্য গ্রেফতার

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

মিরপুর থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন ময়মনসিংহের সাজ্জাদ হোসেন ওরফে অপু ও কিশোরগঞ্জের তারেক মিয়া। সোমবার রাতে পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৪-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, ৩০ মার্চে আনসার আল-ইসলামের গ্রেফতারকৃত এক সদস্যকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পাঁচটি উগ্রবাদী বই ও বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। এইচএসসি পাশ অপু অন্যদের উদ্বুদ্ধকরণে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখা ও ভিডিও প্রচার করে থাকেন। তারেক ৬ষ্ঠ শ্রেণি পাশ। কাজ করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে।