৩০ বছর ধরে ক্ষমতায় থাকা শাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। সামরিক বাহিনীর মুখপাত্র আজম বার্মেন্দাও আগৌনা গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের
ইদ্রিস ডেবি নিহতের আগের দিন সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে ষষ্ঠ বারের মতো জয়ী হন। সেনাবাহিনী জানিয়েছে, সোমবার বিদ্রোহীরা রাজধানী এনজামিনা অভিমুখে কয়েক শ কিলোমিটার এগিয়ে এলে ৬৮ বছর বয়সি ইদ্রিস ডেবি সামরিক বাহিনীর সঙ্গে মিলে বিদ্রোহীদের মোকাবিলা করতে ময়দানে নামেন। সেখানে তিনি গুরুতর আহত হন। পরে রাজধানীতে আনার পথে তার মৃত্যু হয়। রাজধানী থেকে ৩০০ কিলোমিটার দূরে থাকতেই বিদ্রোহীদের পরাজিত করে সেনাবাহিনী। সরকার এবং পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। আজম বার্মেন্দাও আগৌনা জানিয়েছেন, দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত ট্রানজিশনাল কাউন্সিলের নেতৃত্বে সরকার চলবে। এর প্রধান হচ্ছেন ডেবির ছেলে ৩৭ বছর বয়সি মাহামাত কাকা।
বোকো হারাম, ইসলামিক স্টেট ও আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমাদের প্রধান মিত্র ইদ্রিস ডেবি ১৯৯০ সালে বিদ্রোহের মাধ্যমে ক্ষমতায় আসেন। তিনি গত বছর মার্শাল পদবি গ্রহণ করেন। গত ১১ এপ্রিল নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার ঘোষিত ফলাফলে দেখা যায়, ডেবি ৭৯ ভাগ ফল পেয়েছেন। বেঁচে থাকলে তিনি ষষ্ঠ বারের মতো দেশটির প্রেসিডেন্ট হতেন। ২০১৮ সালে তিনি সংবিধান সংশোধন করেন, যার মাধ্যমে তিনি ২০৩৩ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন।
