চার দিন পর দৈনিক মৃত্যু ১০০-এর নিচে

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২২:৩২

টানা চার দিন পর দেশে করোনা ভাইরাসে এক দিনে মৃত্যুর সংখ্যা ১০০র নিচে নেমেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা ১০ হাজার ৫৮৮ জনে পৌঁছল। এর আগে শুক্র ও শনিবার ১০১ জন করে, রবিবার ১০২ জন এবং সোমবার ১১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দৈনিক মৃত্যু কখনই ৫০ এর নিচে নামেনি।

মঙ্গলবার ২৪ ঘণ্টায় আরো ৪ হাজার ৫৫৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে দাঁড়াল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক দিন ধরেই দিনে ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়ে আসছিল। এর মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৬৫টি ল্যাবে ২৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ, এ পর্যন্ত  মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৫৮ জন পুরুষ আর নারী ৩৩ জন। তাদের ৫২ জন সরকারি হাসপাতালে, ৩৬ জন বেসরকারি হাসপাতালে, দুই জন বাড়িতে এবং এক জন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। তাদের মধ্যে ৫৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, ৭ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ৬০ জন ঢাকা বিভাগের, ১৭ জন চট্টগ্রাম বিভাগের, তিন জন রাজশাহী বিভাগের, পাঁচ জন খুলনা বিভাগের, চার জন বরিশাল বিভাগের এবং দুই জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১০ হাজার ৫৮৮ জনের মধ্যে ৭ হাজার ৮২৭ জনই পুরুষ এবং ২ হাজার ৭৬১ জন নারী।