মুক্ত গণমাধ্যম সূচকে পিছিয়েছে বাংলাদেশ

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০১:২৬

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে আরো এক ধাপ পিছিয়েছে বাংলাদেশের অবস্থান। এই সূচক তৈরি করেছে বিশ্ব জুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। গতকাল মঙ্গলবার গণমাধ্যম সূচকটি প্রকাশ করা হয়।

সূচক অনুযায়ী, এ বছর ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। তালিকায় গণমাধ্যমের স্বাধীনতায় শীর্ষে রয়েছে নরওয়ে এবং সবার নিচে অবস্থান করছে ইরিত্রিয়া।

সূচকে বাংলাদেশ প্রসঙ্গে আরএসএফের ব্যাখ্যায় বলা হয়েছে, ২০২০ সালে করোনা ভাইরাস সংকট এবং বিধিনিষেধ চলাকালে সাংবাদিকদের ওপর পুলিশ ও বেসামরিক সহিংসতা বাড়ার পরিমাণ উদ্বেগজনক। অনেক সাংবাদিক, ব্লগার, কার্টুনিস্ট গ্রেফতার ও বিচারের মুখোমুখি হয়েছেন। আরএসএফ বলছে, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে বাংলাদেশে সাংবাদিকদের আত্মনিয়ন্ত্রণ (সেলফ-সেন্সর) অভূত পর্যায়ে পৌঁছেছে।

সূচকে প্রতিবেশি দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান (১৪৫), ভারত (১৪২), মিয়ানমার (১৪০), শ্রীলঙ্কা (১২৭), আফগানিস্তান (১২২), নেপাল (১০৬), মালদ্বীপ (৭২) এবং ভুটান (৬৫)।