ইংল্যান্ডে শিশুদের তথ্য ব্যবহার নিয়ে টিকটকের বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২০:৩৫

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে মামলা হয়েছে ইংল্যান্ডে। টিকটকে শিশুদের তথ্য সংগ্রহ ও ব্যবহার প্রক্রিয়া নিয়ে মামলাটি করেছেন সাবেক শিশু কমিশনার অ্যানি লংফিল্ড। তার দাবি, যুক্তরাজ্য এবং ইউরোপের তথ্য সংরক্ষণ আইন লংঘন করেছে টিকটক। বুধবার (২১ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

তবে প্রতিষ্ঠানটি বলেছে, টিকটকের জন্য গোপনীয়তা এবং সুরক্ষা শীর্ষস্থানীয় অগ্রাধিকার। সমস্ত ব্যবহারকারী এবং বিশেষত আমাদের কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় সহায়তা করার জন্য আমাদের দৃঢ় নীতি, প্রক্রিয়া এবং প্রযুক্তি রয়েছে। 

বিশ্বব্যাপী ৮০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে টিকটকের। প্রতিষ্ঠানটির মূল ফার্ম বাইট্যান্স গত বছর কোটি কোটি ডলার লাভ করেছে, যার বেশিরভাগ বিজ্ঞাপনের আয়ের মাধ্যমে আসে।

অ্যানি লংফিল্ড বলেন, যদি তিনি এই চ্যালেঞ্জে সফল হন তাহলে ক্ষতিগ্রস্ত প্রত্যেক শিশুকে কয়েক হাজার পাউন্ড করে ক্ষতিপূরণ দিতে হবে টিকটকের। বিজ্ঞাপনের মাধ্যমে আয় ও গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের জন্য টিকটক শিশুদের ব্যক্তিগত তথ্য, ছবি, ফোন নাম্বার, বায়োমেট্রিক তথ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ব্যবহার করে থাকে।

ইত্তেফাক/এসএ