বরিশালে ডায়রিয়া পরিস্থিতির অবনতি

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:৩২

২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু

বরিশাল অফিস

বরিশালে ডায়রিয়া পরিস্থিতির দিনদিন অবনতি হচ্ছে। গত এক সপ্তাহে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা হাসপাতালে ভর্তি হয়েছে সবচেয়ে বেশি ডায়রিয়া রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে দুই জনসহ চলতি বছর বরিশাল বিভাগে ডায়রিয়ায় মৃত্যু হয়েছে আট জনের।

সরেজমিনে বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া রোগীতে ওয়ার্ড পরিপূর্ণ। ওয়ার্ডের মেঝে, বারান্দা ছাড়িয়ে রোগীর স্থান হয়েছে হাসপাতাল ভবনের বাইরে। ওয়ার্ডে জায়গা না হওয়ায় মূল ভবনের বাইরে খোলা জায়গায় শামিয়ানা টানিয়ে বেডে চিকিত্সা দেওয়া হচ্ছে রোগীদের। সরকারিভাবে বেশির ভাগ ওষুধ ও স্যালাইন সরবরাহ করার কথা থাকলেও রোগীদের তা বাইরে থেকে কিনতে হচ্ছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত মাসে ডায়রিয়া আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬৭২ জন রোগী। এর মধ্যে গত সপ্তাহে ভর্তি হয়েছেন ৮ হাজার ২০ জন এবং সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পটুয়াখালীতে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বরিশাল জেলায় চার জন, বরগুনায় দুই জন এবং পটুয়াখালীতে দুই জনের মৃত্যু হয়েছে। গত পহেলা জানুয়ারি থেকে গতকাল বুধবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ১৮৩ জন রোগী। বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, সামাজিক অনুষ্ঠান বৃদ্ধি এবং উপকূলীয় এলাকায় লবণাক্ত পানির উপস্থিতির কারণে ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে। এছাড়া করোনার কারণেও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। এর সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে আইইডিসিআর বিশেষজ্ঞরা বরিশালের ডায়রিয়া রোগীদের নমুনা সংগ্রহ করছে বলে তিনি জানান।