ভোলা (দক্ষিণ) প্রতিনিধি ও দৌলতপুর সংবাদদাতা
ভোলায় পিকআপ ভ্যানে করে পাচারের সময় ১০ ড্রাম অবৈধ বাগদা রেণু জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে এগুলো জব্দ করেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), মত্স্য কর্মকর্তা ও পুলিশের একটি টিম। উপজেলা মত্স্য কর্মকর্তা মো. মাহফুজুল হক হাসনাইন জানান, গোপন খবরের ভিত্তিতে দৌলতখান উপজেলার পাতারখাল এলাকায় মত্স্য বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল রহমান, সহকারী কমিশনার (ভূমি) মহুয়া চৌধুরী ও থানার ওসি মো. বজলার রহমানসহ অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে করে ১০ ড্রাম ভর্তি প্রায় ৪ লাখ পিস অবৈধ বাগদা রেণু পাচারের সময় জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। জব্দ বাগদা রেণু রাতেই ঐ এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
