স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। রংপুর সিটি করপোরেশন এলাকায় ১০ লাখেরও বেশি মানুষের বাস। অথচ রংপুর মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর মেশিন প্রতিদিন মাত্র ৫০ জনের করোনার নমুনা পরীক্ষার কোটা নির্ধারণ করা হয়েছে। ফলে শত শত নারী-পুরুষ নমুনা পরীক্ষার জন্য ভিড় করলেও পরীক্ষা হচ্ছে না। অপর দিকে নমুনা নেওয়ার পর পাঁচ থেকে সাত দিনেও রিপোর্ট মিলছে না।
রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ জানান, রংপুর সিটি করপোরেশনের জন্য একটি আলাদা পিসিআর মেশিন দরকার। ১০ লাখ মানুষের জন্য ৫০ জনের কোটা নির্ধারণে বেশির ভাগই নমুনা পরীক্ষার সুযোগ পাচ্ছেন না। ফলে নমুনা সংগ্রহ করলেও পাঁচ থেকে সাত দিনের আগে রিপোর্ট পাওয়া যায় না। রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নমুনা দেওয়ার পর অনেক সময় লাগছে, এটা মারাত্মতক ভীতির কারণ। তিনি বলেন, ১০ লাখ মানুষের বাস রংপুর সিটি করপোরেশন এলাকায়। সেখানে মাত্র ৫০ জনের করোনা পরীক্ষার কোটা নির্ধারণ যুক্তিযুক্ত নয়। তাই দ্রুত আরো একটি পিসিআর মেশিন স্থাপনের জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানান।
