বরিশাল অফিস
ইলিশ রক্ষা কার্যক্রম জোড়ালো করতে বরিশালের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌবাহিনী। মত্স্য বিভাগের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সালামের একটি দল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার মেঘনা, মাসকাটা ও কালাবদর নদীতে এ অভিযান পরিচালনা করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ জাল বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া এলাকায় নদী তীরে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন-আল হেলালের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। এ সময় বানৌজা সালামের কর্মকর্তা লে. কমান্ডার মো. শাহাদাত, মত্স্য বিভাগের কর্মকর্তা ডা. বিমল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
