ভ্রাম্যমাণ প্রতিনিধি
বৈরী আবহাওয়ার কারণে পশ্চিমের ছয় জেলায় এবার লিচুর ফলন কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লিচু গাছে মুকুল কম আসার পর টানা খরার কারণে গুটি লিচু ঝরে পড়ছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, যশোরে ৭২১ হেক্টরে, ঝিনাইদহে ৪২৮, মাগুরায় ৫৮৮, কুষ্টিয়ায় ২৫১, চুয়াডাঙ্গায় ১৮১ হেক্টর ও মেহেরপুরে ৬৮০ হেক্টরে লিচুবাগান আছে। গত পাঁচ মাসের বেশি সময় ধরে বৃষ্টি না হওয়ায় গাছে লিচুর মুকুল কম ধরে।
ঝিনাইদহের কোটচাঁদপুরের লিচুবাগান মালিক আতাউর রহমান বাবলু জানান, এবার বৃষ্টি না হওয়ায় সেচ দিতে হচ্ছে। খরার কারণে লিচু ঝরেও যাচ্ছে। শৈলকুপা উপজেলার লিচুবাগান মালিক ওয়াজেদ আলি বলেন, এবার টানা অনাবৃষ্টির জন্য লিচুর ফলন কম হবে। লিচুর বাড়তি কম এবং ঝরে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেহেরপুর উপ-পরিচালক স্বপন কুমার খাঁ বলেন, বৃষ্টির অভাবে এবার লিচুর ফলন কম হবে। গাছ থেকে লিচু ঝরে পড়ছে। মাগুরার উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক বলেন, লিচু ঝরা ঠেকাতে চাষিদের সেচ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. জাহেদুল আমিন জানান, খরার জন্য লিচুর মুকুল ও গুটি ঝরে পড়েছে। এতে ফল বিপর্যয় হবে।
