সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:৩৭

চাটমোহরে সাড়ে ১০ কেজি রুপাসহ গ্রেফতার এক

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর থানা পুলিশ বুধবার দুপুরে সাড়ে ১০ কেজি রুপা ও একটি মোটরসাইকেলসহ এক জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো পাবনা সদর উপজেলার দীপচর বিশ্বাসপাড়া গ্রামের মৃত ঈমান মণ্ডলের ছেলে বাবুল মণ্ডল। চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বিধিনিষেধ চলাকালে পুলিশ চাটমোহরের ভাদরা বাইপাসে চেকপোস্ট বসায়। এ সময় একটি মোটরসাইকেলে বাবুল মণ্ডল চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করে। দায়িত্বপ্রাপ্ত এসআই মমিনসহ অন্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে তার কোমরে বাঁধা সাড়ে ১০ কেজি রুপা পাওয়া যায়। এ ব্যাপারে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

কুমিল্লায় গাঁজাসহ গ্রেফতার তিন

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় কাভার্ডভ্যানে করে পাচারকালে ১২ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় র্যাব এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হচ্ছে রুহুল আমিন, কামরুল ও শাওন। র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, কাভার্ডভ্যানে করে মাদকের একটি বড় চালান রাজধানী ঢাকা অভিমুখে যাচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে মোস্তফাপুরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ডভ্যানে তল্লাশি করে ঐ গাঁজা, চারটি মোবাইল ফোন, নগদ টাকা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহূত কাভার্ডভ্যানটি জব্দ এবং তিন জনকে গ্রেফতার করা হয়। বুধবার  দুপুরে তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

কিশোরগঞ্জের হাওরে ধান কাটা শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের হাওরে বোরো ধান কাটা উত্সবের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের উত্তর গণেশপুর গ্রামের মো. জালাল মিয়ার জমির ধান কেটে অনুষ্ঠানিকভাবে উত্সবের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি। এসময় বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, সৈয়দপুর থেকে ৩য় ধাপে গত মঙ্গলবার বিকেলে ২৬ জন কৃষি শ্রমিক বগুড়ার নন্দীগ্রামে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৭০ জন ধানকাটা শ্রমিক দেশের বিভিন্ন স্থানে পাঠানো হলো। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, নাটোর, নওগাঁ, বগুড়াসহ বিভিন্ন স্থানে ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এ সকল স্থানে শ্রমিক সংকট থাকায় সৈয়দপুরের গ্রাম থেকে ধানকাটা শ্রমিক পাঠানো হচ্ছে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ শ্রমিক পাঠানোর উদ্যোগ গ্রহণ করে।

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের থেকে অনুমতি নিয়ে ধান কাটার কাজে গেছেন প্রায় ৪০০ শ্রমিক। ইতিমধ্যেই তারা ধান কাটতে নাটোরে পৌঁছেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম বলেন, এতে নাটোরের কৃষি শ্রমিকের সংকট মোকাবিলা করা সম্ভব হলো। এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, ইতিমধ্যে ধান কাটার ৪০০ শ্রমিক অনুমতি নিয়ে ধান কাটতে চলে গেছে। তাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।