শিশুদের তথ্য সংগ্রহ ও ব্যবহারে অনিয়মের অভিযোগে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক শিশুবিষয়ক কমিশনার অ্যানে লংফিল্ড। খবর বিবিসির
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের লাখ লাখ শিশুদের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত প্রত্যেক শিশুকে হাজার হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিতে হতে পারে টিকটকের। টিকটক জানিয়েছে, এই অভিযোগ ভিত্তিহীন এবং তারা এর বিরুদ্ধে লড়বে। আইনজীবীরা যে অভিযোগ আনছেন তা হলো—টিকটক যথেষ্ট পরিমাণ সতর্কতা, স্বচ্ছতা ও আইনগত প্রয়োজনীয় সম্মতি ছাড়াই শিশুদের ব্যক্তিগত তথ্য নেয় যার মধ্যে রয়েছে—ফোন নাম্বার, ভিডিও, প্রকৃত স্থান ও বায়োমেট্রিক ডেটা। এর প্রতিক্রিয়ায় টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গোপনীয়তা ও নিরাপত্তা টিকটকের শীর্ষ অগ্রাধিকার এবং সব ব্যবহারকারী- বিশেষ করে কিশোর-কিশোরীদের সুরক্ষায় আমরা আমাদের নীতিমালা, প্রক্রিয়া ও প্রযুক্তি শক্তিশালী করেছি।’
