রয়টার্স
যুক্তরাষ্ট্রের সমর্থনে তুরস্কে অনুষ্ঠিতব্য আফগান সরকার ও তালেবানের মধ্যকার শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। তালেবান ঐ আলোচনায় অংশ নেবে না জানানোর পর বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে বুধবার সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৪ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে আফগান সরকার ও তালেবানের মধ্যকার শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা ছিল। এতে পূর্ণ সমর্থন ছিল যুক্তরাষ্ট্রের। এমনকি চুক্তি অনুযায়ী তারা আফগানিস্তান থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নেওয়ারও ঘোষণা দেয়। আফগান সরকারের সিনিয়র এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ে ইস্তাম্বুলের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না। কারণ, সেখানে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে তালেবান।
বৈঠক পেছানোর বিষয়টি রয়টার্সকে আরো দুটি সূত্র নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত বৈঠকের নতুন সময় নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। পবিত্র রমজান মাসের পর বৈঠক হতে পারে।
