সখীপুরে তিন বন্ধু মিলে গৃহবধূকে গণধর্ষণ, এক বন্ধু গ্রেফতার

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:১৬

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূ (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার রাতে সখীপুর পৌরসভার জামতলা এলাকার একটি বাসায় আটক রেখে তিন বন্ধু মিলে রাতভর ঐ গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় বুধবার বিকালে গৃহবধূর বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। পুলিশ গণধর্ষণ মামলার প্রধান আসামি সিয়াম হাসানকে (২১) গ্রেফতার করেছে।

পুলিশ ও গৃহবধূর বাবার সঙ্গে কথা বলে জানা যায়, পূর্ব পরিচিত হওয়ায় ঐ গৃহবধূকে সিয়াম হাসান ফোন করে সখীপুরে নিয়ে আসেন। পরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সিয়ামের চাচাতো ভাইয়ের বাসায় আটক রেখে সিয়াম ও তার দুই বন্ধু জয় (২০), সুমন (২১) মিলে রাতভর ধর্ষণ করে। বুধবার ভোরে সিয়াম মোটরসাইকেল যোগে ঐ গৃহবধূকে বাড়িতে পৌঁছে দিতে যায়। এ সময় গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে তার চিত্কারে লোকজন সিয়ামকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত গৃহবধূকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঐ গৃহবধূ দুই মাসের অন্তঃসত্ত্বা বলে তার বাবা জানিয়েছে। সখীপুর থানার ওসি (তদন্ত) লুত্ফুল কবির বলেন, এ ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।