খিলখেতে কিশোরকে পিটিয়ে হত্যা

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:৩৪

ইত্তেফাক রিপোর্ট

খিলক্ষেত মধ্যপাড়া এলাকার একটি বাসায় ফয়েজ মিয়া তার নিজের শিশু মেয়েকে মারধর করেন। এ সময় রনি মিয়া নামে পাশের বাসার এক কিশোর বাধা দিলে তাকে পিটিয়ে হত্যা করেন ফয়েজ মিয়া। গত ১৬ এপ্রিল খিলগাঁও থানাধীন মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে পুলিশ রনি মিয়ার লাশ উদ্ধার করেছে। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে রনি মিয়ার মৃত্যুর পর থেকে ফয়েজ মিয়া পলাতক রয়েছেন। জানা গেছে, রনির বাবার নাম রায়হান মিয়া। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। রনি বাবা-মায়ের একমাত্র ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে খিলগাঁও মধ্যপাড়া এলাকায় বসবাস করত। রনি রাস্তায় ঘুরে ঘুরে ফ্লাক্সে করে চা বিক্রি করত। করোনায় লকডাউন দেওয়ার পর সে মাস্ক বিক্রি শুরু করে।

রনির মামা মো. স্বপন মিয়া জানান, গত ১৬ এপ্রিল সকালে তাদের পাশের বাসার ফয়েজ নামের এক ব্যক্তি তার সাত-আট বছরের মেয়েকে মারধর করছিলেন। এটি দেখে রনি তাকে বাধা দেয়। তখন ক্ষিপ্ত হয়ে রনিকে আঘাত করেন ফয়েজ । এরপর রনি বাসায় চলে যায়। বিষয়টি কাউকে জানায়নি সে। গত পরশু তার মা তাকে গোসল করানোর সময় শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। পরে তার কাছে জানতে চাইলে সে মারধরের ঘটনাটি বলে। পরে মঙ্গলবার সকালে তার বুকে ব্যথা শুরু হয় বলে মাকে জানায়। সন্ধ্যায় খিলক্ষেতে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।