ইত্তেফাক রিপোর্ট
রায়েরবাজার টিলাবাড়ী এলাকায় এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর স্বজনদের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঐ গৃহবধূর নাম সাজেদা বেগম সাজু। এ ঘটনার পর সাজেদার স্বামী মাছ ব্যবসায়ী টিটু মিয়া পলাতক রয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যুর এ ঘটনা ঘটে। বর্তমানে সাজেদার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
সাজেদার বড় ভাই ফরহাদ হোসেন জানান, এক বছর আগে তাদের বিয়ে হয়েছে। তাদের কোনো সন্তান নেই। গতকাল সকালে পাশের বাসার এক ভাড়াটিয়া জানালা দিয়ে দেখতে পান যে সাজেদা বিছানায় পড়ে রয়েছেন। আর তার ঘরের দরজা খোলা। এরপর তিনি ঐ ঘরে গিয়ে দেখেন সাজেদা অচেতন হয়ে পড়ে আছেন। এরপর খবর পেয়ে তারা সাজেদাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
