ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলেছে। এ অবস্থায় টিকা রপ্তানির কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন ভারতের টিকা উত্পাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা।
গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, কোভিশিল্ড টিকা রপ্তানির কোনো নিশ্চয়তা নেই এবং এই মুহূর্তে আমরাও মনে করছি, এমন সংক্রমণের সময়ে আগামী দুই মাসের মধ্যে রপ্তানির দিকে তাকানো উচিত হবে না। আগামী জুন-জুলাইয়ে আমরা আবারও অল্প পরিমাণে টিকা রপ্তানি শুরু করতে পারি। তবে এই মুহূর্তে আমরা দেশকেই অগ্রাধিকার দেব।
সিরাম সিইও বলেন, টিকা উত্পাদন বৃদ্ধির জন্য ভারত সরকারের কাছে ৩ হাজার কোটি রুপি চাওয়া হয়েছিল। সেই অর্থ এখনো হাতে পৌঁছায়নি। সরকার ৩ হাজার কোটি রুপি মঞ্জুর করেছে। আমরা বিশ্বাস করি, এটি শিগিগরই আমাদের হাতে এসে পৌঁছাবে। তবে আমরা এই অর্থের জন্য অপেক্ষা করিনি, উত্পাদন বাড়াতে ব্যাংক থেকে অর্থ ঋণ করেছি। আশা করছি, এই সপ্তাহেই সরকার থেকে আমাদের কাছে ঐ অর্থ পৌঁছাবে।
