ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:৫৮

ফেসবুকের লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির গত মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, নুর তার ব্যক্তিগত আইডি থেকে ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ নেতাকর্মীর ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে উসকানি প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ মানহানিকর মন্তব্য প্রকাশ, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করেন।

উল্ল্যেখ, গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে নুর বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান। নুরের এমন বক্তব্যের পর ইতিমধ্যে ঢাকা ও সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।