চট্টগ্রামে দেশের প্রথম বেসরকারি হাইটেক পার্কের যাত্রা শুরু

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০০:২১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাত্রা শুরু করেছে দেশের প্রথম বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কোরিয়ান ইপিজেড হাইটেক পার্ক। গতকাল বুধবার ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রায় ১০০ একর জায়গার ওপর নির্মিত এই হাইটেক পার্ক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানের সঞ্চালনায় আয়োজিত ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং গুন, স্পার্ক ল্যাব কো-ফাউন্ডার জিমি কিম, ইয়ংওয়ান করপোরেশন এবং কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান এবং সিইও কিহাক সুং।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জিডিপিতে ৫ দশমিক ২ সূচক প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে ডিজিটাল সুবিধা। স্থানীয় মানব সম্পদের ওপর আস্থা রেখে চলমান মহামারিতেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে ইতিবাচক বাজার প্রবৃদ্ধিতে আশিয়ান দুইটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, অবকাঠামো ও বিনিয়োগ সুবিধার কারণে এখন দেশে দুই শতাধিক কোরিয়ান কোম্পানি বিনিয়োগ করেছে। সরাসরি বিদেশি বিনিয়োগে কোরিয়ার অবস্থান বাংলাদেশ ষষ্ঠ। হাইটেক পার্কের অবকাঠামো সুবিধা কাজে লাগিয়ে কেইপিজেড ‘মেড ইন বাংলাদেশের’ পণ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যোগ দেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, ক্রিয়েটিভ ক্রাউডের ব্যবস্থাপনা পরিচালক নওশের রহমানসহ অংশীজনেরা।

উল্লেখ্য, হাই টেক ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ ও ইনোভেশন ইকো সিস্টেম উন্নয়নের লক্ষ্যে গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের আইটি পার্ক জোনকে বেসরকারি হাই টেক পার্ক ঘোষণা করা হয়। একই দিন এ বিষয়ে বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ, কেইপিজেড ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কেইপিজেড হাই টেক পার্কে ২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।