গঙ্গাস্নানে এসে করোনা আক্রান্ত নেপালের রাজা-রানি

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০১:২৫

করোনা মহামারির মধ্যেই কুম্ভমেলার যোগ দিয়েছিলেন নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ এবং রানি কোমল। মঙ্গলবার তাদের করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি'র বরাতে জানা যায়, ভারত থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কয়েকশো মানুষ। রাজা-রানির করোনা ধরা পড়ার পর তাদেরও পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম। করোনার মাঝেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ১ এপ্রিল থেকে শুরু হয়েছে কুম্ভমেলা। যদিও দেশে করোনা সংক্রমণ বাড়ার মধ্যে এভাবে কুম্ভমেলার আয়োজন নিয়ে শুরু থেকেই সমালোচনা চলছে। কুম্ভ মেলায় একের পর এক আখড়ায় করোনা ধরা পড়ছে। এমনকি কুম্ভ থেকে ফিরলেই বাধ্যতামূলক ভাবে করোনা পরীক্ষার কথাও বলেছে কয়েকটি রাজ্য।

২০০১ সালে নেপালের রাজপ্রাসাদে হত্যা-লীলায় মৃত্যু হয় তৎকালীন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ-সহ বেশ কয়েক জনের। সেই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় বীরেন্দ্রর ছেলে দীপেন্দ্রকে। তিনিও আত্মহত্যা করেন বলে জানা যায়। তার পর রাজা হন বীরেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র। তার পর ২০০৮ সালে গণবিদ্রোহের মুখে পড়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়। রাজতন্ত্র শেষ হয়ে নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। 

ইত্তেফাক/এএইচপি