মিয়ানমারে ২ লাখ ৫০ হাজার মানুষ ঘরছাড়া

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৪:৩৩

জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক এক বিশেষ দূত বুধবার জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে জান্তার বিভিন্ন অভিযানে দেশটির প্রায় আড়াই লাখ মানুষ এখন ঘরছাড়া। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

এ বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সামরিক বাহিনী। এর কয়েক দিন পর থেকেই সামরিক সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কিন্তু সাধারণ মানুষকে বিক্ষোভ প্রতিহত করতে অভিযান শুরু করে সামরিক জান্তা সরকার। 

পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, সাধারণ মানুষের বিক্ষোভে পুলিশের অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আটক হয়েছে আরও ৩ হাজার ৩০০ জন। মিয়ানমারের মানবাধিকার পর্যবেক্ষণকারী বিশেষ দূত টম অ্যান্ড্রিউস বুধবার এক টুইট বার্তায় বলেন, ‘জান্তা সরকারের আক্রমণে মিয়ানমারের আড়াই লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। এটা জানতে পেরে সত্যিই অবাক হয়েছি।’ তিনি বলেন, এই মানবিক বিপর্যয় মোকাবিলায় বিশ্বকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

ফ্রি বার্মা রেঞ্জার্স নামের একটি মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে সেনাবাহিনীর অভিযান এবং বিমান হামলার কারণে আনুমানিক কমপক্ষে ২৪ হাজার মানুষ উত্তরাঞ্চলীয় কারেন রাজ্য থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারেন ন্যাশনাল ইউনিয়ন ব্রিগেড ৫-এর মুখপাত্র পাদোহ মান মান বুধবার এক বিবৃতিতে বলেন, ২ হাজারের বেশি মানুষ মিয়ানমারে সীমান্ত পাড়ি দিয়ে থাইল্যান্ডে পালিয়েছে। এই লোকজন আর হয়তো দেশে ফিরবে না। তিনি বলেন, তারা সবাই তাদের গ্রামের কাছাকাছি জঙ্গলে লুকিয়ে আছে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের আসন্ন সম্মেলনে যোগ দিচ্ছেন মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। বুধবার বর্মি সেনাবাহিনীর মুখপাত্র জাও মিন তুন বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে তিনি জানিয়েছেন, সেনাপ্রধান মিন অং হ্লাইং আগামী শনিবার জাকার্তায় অনুষ্ঠিতব্য এ সম্মেলনে মিয়ানমারের প্রতিনিধিত্ব করবেন। অভ্যুত্থানের পর এই প্রথম বারের মতো জান্তা সরকারের প্রধান হিসেবে বিদেশ সফরে যাচ্ছেন মিয়ানমারের সেনাপ্রধান।

ইত্তেফাক/এএইচপি