ভারতে করোনার নতুন ধরন ‘ট্রিপল মিউট্যান্ট’ শনাক্ত

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৩:১৪

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যেই দেশটিতে ট্রিপল মিউট্যান্ট বা তিনবার চেহারা পরিবর্তনকারী নতুন করোনা ভাইরাস ধরা পড়েছে। বুধবার (২১ এপ্রিল) এখবর দিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।  টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, দুটি ট্রিপল মিউট্যান্ট ধরনের সন্ধান পাওয়া গেছে মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড় থেকে সংগৃহীত নমুনায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এখনও অবধি, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কেবলমাত্র ডাবল মিউট্যান্ট এর উপস্থিতি স্বীকার করেছেন। ট্রিপল মিউট্যান্টকে আপাতত ‘ভ্যারিয়্যান্ট অব কনসার্ন’-এর বদলে ‘ভ্যারিয়্যান্ট অব ইন্টারেস্ট’-এর তালিকাতেই রাখা হয়েছে এটিকে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ের পেছনে আছে ডাবল মিউট্যান্ট ধরন। এটাই বেশি সংক্রমণশীল। ট্রিপল মিউট্যান্টের উৎপত্তি হয়েছে ডাবল মিউট্যান্ট থেকেই। এখানে করোনার তিনটি ভিন্ন ভিন্ন ধরন একীভূত হয়ে নতুন ধরন সৃষ্টি করেছে। 

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গেছে তিন লাখ ১৪ হাজার ৮৩৫ জন। একইসময়ে মারা গেছেন দুই হাজার ১০৪ জন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্ত ছাড়ালো এক কোটি ৫৯ লাখ। এর আগে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা গেছে, ১৮ এপ্রিল থেকে দেশটিতে প্রতি ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৯৫ জন। আর একই সময়ে মৃত্যু হয়েছে ৬২ জনের।

ইত্তেফাক/এসএ