তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
এলজিইডির অধীন তালা উপজেলার ত্রিশমাইল হতে ধানদিয়া চৌরাস্তা সড়কের অধিকাংশ স্থানেই পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সংস্কারের অভাবে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দা মাইনুল হোসেন, ফারজানা খাতুন, হেলাল উদ্দীন, রাজীব সরদারসহ অনেকে জানান, সাতক্ষীরা জেলার অন্যতম বাণিজ্যকেন্দ্র তালা উপজেলার পাটকেলঘাটা বাজার। যশোর জেলা এবং কলারোয়া উপজেলা থেকে পাটকেলঘাটা যাওয়ার এটি অন্যতম সড়ক হিসেবে ব্যবহার করা হয়। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। সড়কের পুলিরহাট থেকে ধানদিয়া চৌরাস্তা পর্যন্ত সড়কের পিচ উঠে গেছে। সামান্য বৃষ্টিতেই এসব স্থানে পানি জমে কাদা হয়। পথচারীদের চাপ থাকায় ভাঙাচোরা এ সড়কটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে।
স্থানীয় ইজিবাইক চালক সুমন বিশ্বাস, বিপ্লব হোসেন বলেন, রাস্তার যে অবস্থা তাতে চৌরাস্তা থেকে গাড়ি নিয়ে ত্রিশমাইল পৌঁছাতে পারব কি না, তা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয়। মাঝেমধ্যে গাড়ির স্প্রিং ভেঙে যায়। আর যাত্রীরা তো ভোগেই। ফুলবাড়ী বাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, সড়কের অনেক জায়গায় গর্ত। বৃষ্টি হলে কাদা আর কাদা শুকিয়ে গেলে পুরু ধুলোর স্তর। স্থানীয় মত্স্য ব্যবসায়ী রাম প্রসাদ বলেন, ধানদিয়ায় প্রচুর মাছ চাষ হয়। কিন্তু মাছ বাইরে পাঠাতে গেলে পড়তে হয় ঝামেলায়। এ সড়ক দিয়ে গাড়ি যেতে চায় না। ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, রাস্তাটির দুরাবস্থার কথা শুনেছি। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
