গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বোরো জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে ঝগড়ার সময় এক কৃষককে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক হযরত আলী মঠবাড়ী গ্রামের মৃত রহিম উদ্দীনের ছেলে। ধনবাড়ী থানাপুলিশ জানায়, খরায় বোরো জমিতে আগে সেচ দেওয়াকে কেন্দ্র করে এক প্রতিবেশীর সঙ্গে হযরত আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হযরত আলীকে কিলঘুসি মারলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। প্রতিবেশীরা আহত হযরত আলীকে মির্জাবাড়ী বাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ধনবাড়ী থানার এসআই মাজহারুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে।
