গর্ভবতী মায়ের প্রতি যত্নশীল হোন

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:১১

পৃথিবীতে সবচেয়ে বড় উপহার নবজাতক। কিন্তু নবজাতকটি যদি অপরিণত হয়, তখন বুকে কাঁপন লাগে। বাংলাদেশে প্রতি বছর প্রায় চার লাখ ৩৯ হাজার অপরিণত শিশুর জন্ম হয়। অপরিণত অবস্থায় জন্মানোর কারণে পাঁচ বছরের কম বয়সের ২৩৬০০ শিশুর মৃত্যু হয়। গর্ভকালীন মায়ের অপুষ্টি অপরিণত শিশু জন্মের অন্যতম কারণ। আরো কিছু উল্লে­খযোগ্য কারণ হলো গর্ভাবস্থায় মায়ের জ্বর, উচ্চরক্ত চাপ, ডায়াবেটিস, হাম, কলেরা এবং থাইরয়েডের সমস্যা। এসব কারণে অপরিণত শিশুর জন্ম হওয়াসহ মাতৃমৃত্যুর ঝুঁকিও বেড়ে যায়। অপরিণত শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এ ধরনের শিশুর সেপটিসেমিয়া, জন্ডিস ও বিভিন্ন সংক্রমণের আশঙ্কা থাকে এবং বাঁচার সম্ভাবনা কমে যায়। অপরিণত অবস্থায় জন্মানো বেঁচে যাওয়া শিশুরা অন্ধ, বধির ও মস্তিষ্কের সমস্যায় ভোগে। সুস্থ ও স্বাভাবিক শিশু জন্ম দিতে পারেন সুস্থ মা। তাই শিশু ও মাতৃমৃত্যু হার কমাতে গর্ভকালীন মায়ের যথাযথ যত্ন ও পরিচর্যা জরুরি। প্রতিটি পরিবারের উচিত গর্ভবতী মায়ের প্রতি সহানুভূতিশীল হওয়া, তার মানসিক প্রশান্তি নিশ্চিত করা, পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা, পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেওয়া এবং নিয়মিত চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া।                

মো. রাসেল মিয়া

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া