লোডশেডিং থেকে মুক্তি চাই

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:১১

গ্রীষ্মের শুরুতেই চরম বিদ্যুত্ বিপর্যয়। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় বেড়ে চলেছে লোডশেডিংয়ের মাত্রা। দিনে ৮-১০ বার লোডশেডিং স্বাভাবিক ব্যাপার! সামান্য বাতাস আর বৃষ্টিতেই বিদ্যুত্ যায়। এর ফলে বিপাকে পড়েছে বিদ্যুতের ওপর নির্ভরশীল কল-কারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান। অন্যদিকে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ। করোনা মহামারির জন্য মানুষ এখন ঘরবন্দি। ঘরে বসেই করতে হচ্ছে অফিসসহ ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ। কিন্তু ঘন ঘন লোডশেডিং বিঘ্ন ঘটাচ্ছে কাজে। শিক্ষার্থীরা তাদের অনলাইন ক্লাস করতে পারছে না। বিদ্যুত্ বিভ্রাটে মোবাইলফোন নেটওয়ার্কও হয় ব্যাহত। বিদ্যুত্ না থাকলে অপারেটররা ৩-৪ ঘণ্টা পর্যন্ত নিজেদের ব্যবস্থায় নেটওয়ার্ক চালাতে পারে, কিন্তু এর বেশি হলে সাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন তাড়াশ পল্লী­ বিদ্যুত্ সমিতির হট লাইনের সেল ফোন ব্যস্ত করে রাখা হয় এবং সঠিক তথ্য থেকে গ্রাহককে বঞ্চিত করা হয়। পরিশেষে, জনদুর্ভোগ ঘোচাতে বিদ্যুত্প্রাপ্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সবুজ আহমেদ

তাড়াশ, সিরাজগঞ্জ