স্পোর্টস রিপোর্টার
টিভি ক্যামেরায় বারবার ধরা পড়ছে ডাগআউটে বসা শ্রীলঙ্কার কোচ মিকি আর্থারের হতশ্রী মুখ। প্রখর রোদের মধ্যেও বোলিং কোচ চামিন্দা ভাসের মুখে রাজ্যের অন্ধকার দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার ফিল্ডাররা যেন হতোদ্যম হয়ে পড়েছেন। অধিনায়ক দিমুথ করুনারত্নের কপালে চিন্তার ভাঁজ। ক্যান্ডিতে ম্যাচের দুই দিন স্বাগতিকদের এমন যন্ত্রণাক্লিষ্ট সময় উপহার দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা।
পাল্লেকেলে স্টেডিয়ামের ঘাসের উইকেটে রান উত্সবে মেতেছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা। তাদের ব্যাটে পিষ্ট লঙ্কানরা। গতকাল আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়েছে প্রায় দেড় ঘণ্টা আগে। পরে আর খেলা শুরু হয়নি। দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৪ রান। মুশফিকুর রহিম ৪৩, লিটন দাস ২৫ রানে ব্যাট করছেন। ওভারের ঘাটতি কমিয়ে আনতে আজ তৃতীয় দিনে ১৫ মিনিট আগে খেলা শুরু হবে।
এখন প্রথম ইনিংসে ৫০০-এর বেশি রান তোলার টার্গেট বাংলাদেশের। গতকাল দিন শেষে সংবাদ সম্মেলনে হেড কোচ রাসেল ডমিঙ্গো এমনটাই বলেছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের টার্গেট জানতে চাইলে প্রোটিয়া এ কোচ বলেছেন, ‘পরের তিন দিন খেলার সময় সমন্বয় করা হবে। আমার মনে হয় না, আমরা ম্যাচের ওভার হারাব। আমরা এটা রাতে আলাপ করব। কিন্তু আমাদের কাল (আজ) সকালে কিছু দ্রুত রান তোলার দরকার। যদি আমরা ৫২০ এর কাছাকাছি যেতে পারি, এটা তাদের চাপে ফেলতে আমাদের ভালো সুযোগ এনে দিবে।’
প্রথম দিনের মতো গতকালও দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। গোটা দিনে ৬৫ ওভার ব্যাট করে ১৭২ রান যোগ করেছে টাইগাররা। মুমিনুলের দেশের বাইরে প্রথম ও সবমিলিয়ে ১১তম সেঞ্চুরি ও শান্তর ১৫০ ছাড়ানো ইনিংসে ব্যাটিংময় দিন কাটিয়েছে বাংলাদেশ। এ দুই বাঁহাতি তৃতীয় উইকেটে রেকর্ড জুটি গড়েছেন। তাদের ২৪২ রানই এখন তৃতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি।
দিনের প্রথম সেশনে লঙ্কানদের হতাশা উপহার দিয়ে অবিচ্ছিন্ন থেকেছেন শান্ত-মুমিনুল। প্রথম সেশনে আসে ৭৮ রান। লাঞ্চের ২২৪ বলে মুমিনুল সেঞ্চুরি পূর্ণ করেন। ৩৪৩ বলে শান্ত পার হন ১৫০ রানের মাইলফলক। লাঞ্চের সপ্তম ওভারে শান্তকে কট অ্যান্ড বোল্ড করেন লাহিরু কুমারা। তিনি ১৬৩ রান করেন। চা বিরতির আগে মুমিনুল ধনাঞ্জয়ার শিকার হন। তিনি ১২৭ রানের ইনিংস খেলেন। পরে আর বিপদ হতে দেননি মুশফিক-লিটন। ৫০ রানের জুটি গড়েন তারা।
