স্পোর্টস রিপোর্টার
অবশেষে প্রিমিয়ার লিগের ফিরতি পর্ব এই করোনার মধ্যেই শুরু হতে যাচ্ছে। আগামী ৩০ এপ্রিল লিগের ফিরতি পর্ব শুরু করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাফুফের লিগ কমিটি। প্রথম দফায় সভা হয়েছিল তিন-চার দিন আগে। গতকাল আরেক দফা ভার্চুয়াল সভা হয়েছে ক্লাবগুলোর সঙ্গে। বাফুফে জানিয়েছে তারা লকডাউনের পর খেলা শুরু করতে চেয়েছিল। কিন্তু ক্লাবগুলো খেলার পক্ষে অবস্থান নেয়। দর্শক শূন্য গ্যালারিতে লিগের খেলা আয়োজনে বাফুফে সরকারের কাছে আবেদন করেছে।
লিগের ফিরতি পর্বের পুরো ফিকশ্চারই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। খেলা এক নাগাড়ে হবে। তবে মাঝে বন্ধ থাকবে কারণ এএফসি এবং জাতীয় দলের খেলা রয়েছে। এএফসি কাপের খেলা মে মাসে মালদ্বীপে হবে। ১৪ মে বসুন্ধরা কিংসের খেলা। এর আগে আবাহনী প্লেঅফ ম্যাচ খেলবে সেটিও মালদ্বীপেই হতে পারে। সেই সম্ভাবনা প্রবল। কারণ আবাহনী খেলবে মালদ্বীপের ঈগলস ক্লাবের বিপক্ষে। ভারতের ক্লাব যদি মালদ্বীপে চলে আসে আর আবাহনীও যদি মালদ্বীপে চলে যায় তাহলে যারাই এএফসি কাপের গ্রুপ পর্বে ওঠার সুযোগ পাক সেই দলকে মালদ্বীপের মাঠেই খেলতে হবে। বাফুফেও এমনটা ধরে নিয়ে একটা পরিকল্পনা করে রাখছে। আর বসুন্ধরা আগে-ভাগে মালদ্বীপে গিয়ে মানিয়ে নিতে চেয়েছিল কিন্তু সেখান থেকে সুবজ সংকেত পায়নি বলে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা ৯ মে-এর আগে যেতে পারছে না। সেই হিসাবে মালদ্বীপের প্রস্তুতি হবে লিগের ম্যাচ খেলে। জাতীয় দলের কারণে লিগ বন্ধ থাকবে জুনে। কাতারে বিশ্বকাপের বাছাইয়ের খেলা। বাংলাদেশ সেখানে তিন ম্যাচ খেলবে। ভারত, ওমান এবং আফগানিস্তানের বিপক্ষে। এছাড়া লিগ বন্ধ থাকবে না বলে জানিয়েছে বাফুফে। জুলাইয়ে লিগ শেষ করতে চায় বাফুফে।
