খুলনা অফিস
খুলনায় গত এক সপ্তাহ ধরে শিশুদের মধ্যে ডায়রিয়া আক্রান্তের হার বেড়েছে। যে কারণে খুলনা বিভাগীয় শিশু হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যাও বেড়েছে। প্রচণ্ড দাবদাহ ও গরমের কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।
খুলনা শিশু হাসপাতাল সূত্র জানায়, শিশু হাসপাতালে ২২ এপ্রিল পর্যন্ত ৭৯৫ জন রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ২৩৬ জনই ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালে প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। খোঁজ নিয়ে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলা ছাড়াও পিরোজপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে রোগী আসে খুলনা শিশু হাসপাতালে। সম্প্রতি গরমের তীব্রতায় ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালেও রোগীর ভিড় বাড়ছে।
শিশু বিশেষজ্ঞ ডা. এস আহসান আহমেদ জানান, তীব্র গরমের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। ডায়রিয়ার সংক্রমণের মূল কারণ পরিষ্কার-পরিছন্নতার অভাব। বাবা-মাসহ শিশুদের অভিভাবকরা স্বাস্থ্যসচেতন হলে শিশুদের ডায়রিয়া সংক্রমণ নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে।
খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কামরুজ্জামান বলেন, তীব্র গরমের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। রোগীদের মানসম্মত চিকিত্সাসেবায় আমাদের পর্যাপ্ত ওষুধসহ সব কার্যক্রম চালু আছে। আমরা চেষ্টা করছি মানুষের আস্থা বজায় রাখতে।
