কেশবপুর (যশোর) সংবাদদাতা
কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা গত বুধবার রাতে তার নিজ ফেসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জড়িয়ে কুরুচিপূর্ণ চাঞ্চল্যকর ও বিভ্রান্তিমূলক পোস্ট দেয়। বিষয়টি তাত্ক্ষণিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের দৃষ্টিগোচর হলে তিনি মোবাইল ফোনের মাধ্যমে সভাপতি এস এম রুহুল আমীনকে জানান। দলের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দলীয় শৃঙ্খলার পরিপন্থি এবং দলকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার হীন চক্রান্ত বলে বিবেচিত হওয়ায় গতকাল তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, ফেসবুকে বঙ্গবন্ধু বা তার পরিবারের কাউকে জড়িয়ে পোস্ট দেওয়া হয়নি। তার সুনাম নষ্ট করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংগঠনের সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার করতে পারেন না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
